সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের সাফল্য স্বীকার করলেও তার রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি সাকিবকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, সাকিব একজন ভালো খেলোয়াড় হতে পারেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা ও অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সাকিব এখনও সেই অবস্থানের সঙ্গে যুক্ত রয়েছেন।
সাকিব দেশে ফিরলে তিনি নিরাপত্তাহীনতায় থাকবেন কি না—সাংবাদিকদের উদ্দেশে এমন প্রশ্নও তোলেন তথ্য উপদেষ্টা। সাকিবের জনপ্রিয়তা ও সুনামকে সামনে রেখে সরকারকে চাপে ফেলার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও তোলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তার সব অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।
আ.দৈ/আরএস





















