সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ চেম্বারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বৈশ্বিক ব্যবসাকেন্দ্র হিসেবে সিঙ্গাপুর বাংলাদেশের বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রবাসী কর্মীরা অংশ নেন।
বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীরা সিঙ্গাপুরে তাদের ব্যবসার বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ ও অদক্ষ শ্রমবাজারে আরও সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তারা।
শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলো আরও কার্যকরভাবে সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইং গঠন করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে এই উইং কাজ করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, ওষুধ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপরও জোর দেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বাজারে পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা, উদ্ভাবন ও কার্যকর নীতিগত সহায়তা প্রয়োজন।
এ সময় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব দেন শামা ওবায়েদ। তার মতে, এ ধরনের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠলে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
আ.দৈ/আরএস




















