বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল পুনর্বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা পুনর্বহালে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। পাশাপাশি বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওয়াতি। এ সময় দুই দেশের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল খাতের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান। একই সঙ্গে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা পুনর্বহালে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি ভিসা অন অ্যারাইভাল সুবিধা পুনর্বহালের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানান।
বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বাংলাদেশকে ভবিষ্যতে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশে এমআরও ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া পর্যটন খাতের দক্ষ জনবল তৈরিতে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) আধুনিকায়নের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে এনএইচটিটিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং পর্যটন ও বিমান যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
আ.দৈ/আরএস





















