জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, ফেলানী হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের ইতিহাসসংবলিত বিভিন্ন প্রদর্শনী সরিয়ে ফেলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জাদুঘর উদ্বোধনের আগে এসব পরিবর্তন করা হয়েছে।
আসিফ মাহমুদের অভিযোগ অনুযায়ী, জাদুঘরের ‘বর্ডার কিলিং রুম’ পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে সীমান্ত হত্যার শিকার ফেলানীর ভাস্কর্য, জুলাই গণঅভ্যুত্থানের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মোদিবিরোধী আন্দোলনের ইতিহাসসংবলিত সেকশনও বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়নের শিকার ব্যক্তিদের আলামত ও ইতিহাসের অংশ ছোট করা হয়েছে বলে দাবি করেন তিনি। ওয়ান-ইলেভেনের সময়কার রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে জাদুঘরের ‘লং ওয়াক টু ডেমোক্রেসি’ সেকশন থেকে প্রণব মুখার্জির বইয়ের একটি রেফারেন্সও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ।
তিনি আরও দাবি করেন, এসবের বাইরে জাদুঘরের আরও বেশ কিছু ছোট প্রদর্শনী বাদ দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আপস করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।