‘হ্যাঁ-না’ বিভ্রান্তি—গণভোটের বিষয় মানুষ পরিষ্কার নয়: মির্জা ফখরুল
নিজেস্ব প্রতিবেদক

গণভোট প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যে এখনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ‘গণভোট’, ‘হ্যাঁ’ কিংবা ‘না’—এসব বিষয় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে ব্যাখ্যা করা হয়নি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।”
তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছর দেশে একটি “ভয়াবহ দানবীয় সরকার” ক্ষমতায় ছিল। নিজেদের লোক বসানোর প্রবণতার কারণে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে বলেন, “এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, ইমাম–উলামা থাকার পরও দেশে এত অন্যায়, দুর্নীতি ও সম্পদ পাচার কেন? একটি মসজিদ তৈরির আগ্রহ যেমন থাকে, তেমনভাবে একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে আমাদের আগ্রহ কোথায়?”
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
আ.দৈ/আরএস





















