ইসিতে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা প্রথম একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন। অলি আহমদের মনোনয়ন পত্রের প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের দ্বিতীয় মনোনয়ন পত্রটি সিইসির কাছে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল জমা দেন।
ইসিতে মনোনয়নপত্র দাখিল শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এখানে দুইটা মনোনয়ন পত্র জমা ওেয়া হয়েছে। মনোনয়নে একই প্রার্থী কর্নেল অলি আহমদ বীর বিক্রম আছে। এখনকার প্রস্তাবক হলেন কর্নেল এমএ বাতেন, সমর্থক হলেন ডা. মাহমুদা মিতু। নির্বাচন কমিশন মনোনয়নপত্র রিসিভ করেছেন।
বাছাইয়ে বাদ পড়তে পারেন এ রকম সন্দেহ আছে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা রফিকুল বলেন, আমাদের সন্দেহের বিন্দুমাত্র কারণ নেই। আগে যারা এসেছেন তাদের সঙ্গে সমন্বয় করেই এটা জমা দেওয়া হয়েছে।
আ.দৈ/কাশেম




















