চীনের অর্থনীতির রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক

চীনের অর্থনীতিকে আমূল সংস্কারের মাধ্যমে বিশ্ববাজারের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঝু রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সংস্কার করেন। লোকসানি প্রতিষ্ঠানকে দক্ষ ও লাভজনক করার উদ্যোগের পাশাপাশি দুর্নীতি ও সরকারি ব্যর্থতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি।
ঝু রংজির অন্যতম বড় সাফল্য ছিল বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের সদস্যপদ নিশ্চিত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া। ২০০১ সালে চীন ডব্লিউটিওতে যোগ দেওয়ার পর দেশটির রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হয়। একই সময়ে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
তবে তার সংস্কারের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক কর্মী চাকরি হারান। আবাসন খাতেও বড় পরিবর্তন আনেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন ফ্ল্যাট বিক্রির উদ্যোগের মাধ্যমে চীনে ব্যক্তিগত আবাসন মালিকানার প্রসার ঘটান।
কঠোর ও স্পষ্টভাষী কর্মশৈলীর কারণে ঝু রংজি ‘বস’ এবং ‘পাগলা ঝু’ নামে পরিচিত ছিলেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি ব্যর্থতার দায় প্রকাশ্যে স্বীকার করেও তিনি আলোচিত হন।
১৯২৮ সালের ২৩ অক্টোবর হুনান প্রদেশে জন্ম নেওয়া ঝু ১৯৫৭ সালে সংস্কারপন্থী মত প্রকাশের কারণে রাজনৈতিকভাবে বিপাকে পড়েন এবং দীর্ঘ সময় ক্যারিয়ারে স্থবিরতা আসে। পরে ১৯৭৯ সালে পুনর্বাসিত হয়ে দ্রুত রাজনীতিতে উত্থান ঘটে তার।
সাংহাইয়ের মেয়র ও পরে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯৮ সালে চীনের প্রধানমন্ত্রী হন ঝু রংজি। অবসর নেওয়ার পর তিনি অনেকটাই জনসম্মুখের বাইরে চলে যান। তার মৃত্যুতে চীনের অর্থনৈতিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।
আ.দৈ/আরএস





















