ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, জনগণের অধিকারকে সম্মান করতে হবে:ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মহান আল্লাহ যাদের ক্ষমতায় বসান, সময়ের ব্যবধানে তাদের ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন। তাই ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে।
সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা এ অঞ্চলের মানুষের অধিকার থেকে বঞ্চিত করবে, তাদের গণদুশমন হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের অনিয়ম ও দুর্নীতি দূর করা। চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের মাধ্যমে যারা মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জামায়াত আমির বলেন, দেশের মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত সমাজ চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আ.দৈ/আরএস





















