রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রোমে ২৮ ঘণ্টা আটকে বিমানের ফ্লাইট, চরম দুর্ভোগে বাংলাদেশি যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৭২)
X

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। এতে প্রায় ২৬০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে এটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ ঘোষণা করা হয়। ত্রুটির কারণে দীর্ঘ সময় উড়োজাহাজেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। পরে তাঁদের বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হলেও পর্যাপ্ত জায়গা না থাকায় অনেককে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে।

যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় তাঁদের বিমানবন্দরের বাইরে হোটেলে নেওয়া হয়নি। ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদেরও দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই থাকতে হয়েছে। খাবার পেতে বিলম্বের পাশাপাশি লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিন ও অন্যান্য সামগ্রী ব্যবহারেও সমস্যায় পড়েছেন অনেকে।

এদিকে উড়োজাহাজটির ত্রুটি মেরামতে ঢাকায় থাকা প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হলে শনিবার রাত ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হতে পারে।

তবে ত্রুটি পুরোপুরি নিরসন এবং নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির পরবর্তী যাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

যাত্রীদের দ্রুত বিকল্প ব্যবস্থা, খাবার, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসাসহ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝