জুলাইযোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার জীবিকা ও আত্মকর্মসংস্থানের জন্য সিএনজি ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হয়। জুলাই আন্দোলনে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যয় মেটান তিনি। প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গার মো. গফফারকে দেওয়া হয় দুটি পেডেলচালিত রিকশা। আন্দোলনের সময় মহাখালী এলাকায় তিনি আন্দোলনকারীদের পানি সরবরাহ এবং আহতদের হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করেছিলেন। একটি রিকশা নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়া দিয়ে জীবিকা চালানোর কথা জানিয়েছেন তিনি।
এ ছাড়া বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আ.দৈ/আরএস





















