
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের উচিত বিষয়টি উপলব্ধি করে ‘হাসিনা কার্ড’ ব্যবহার বন্ধ করা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। কোনো গোষ্ঠী যেন জুলাইয়ের চেতনাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার বিধানসহ সংসদের দুই কক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে তিনি উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















