
লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৪ দেশের সমন্বয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি আরব।
জোটটির নেতৃত্বে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জোট গঠনের এক সপ্তাহের মধ্যেই এর প্রধান কমান্ডার হিসেবে আল-শেহরিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি জোটের যৌথ নৌ-প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকির পাশাপাশি সদস্য দেশগুলোর নৌবাহিনী এবং অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
গত ৩০ জুলাই বহুজাতিক এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে সৌদি আরবের সঙ্গে বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন যুক্ত হয়েছে।
জোটের মূল লক্ষ্য হলো বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট নিরাপদ রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর লক্ষ্য ও নীতির সঙ্গে একমত এমন দেশগুলো ভবিষ্যতে এতে যোগ দিতে পারবে। ইতোমধ্যে আরও কয়েকটি দেশ জোটে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১২ ও ১৩ আগস্ট জোটটির একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহন পরিচালিত হয়। ফলে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি নেতৃত্বাধীন এই প্রতিরক্ষা জোটকে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আ.দৈ/আরএস




















