রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাতেও মেট্রোরেল সেবা বাড়ানোর পরিকল্পনা, স্বস্তি পাবে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৬৪)
X

চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়বে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য কর্তৃপক্ষ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে। অর্থাৎ সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে এমনটাই পরিকল্পনা মেট্রোরেল কর্তৃপক্ষের।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। কোম্পানি সূত্র জানিয়েছে, পরিকল্পনা আছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। 

এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল প্রতিদিন সকালে সাড়ে ৬টায় ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল সকাল সোয়া ৭টায় ছাড়ে। তবে সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।


গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে মেট্রোরেল আধা ঘণ্টা আগে চালু করা হয়। রাতে শেষ ট্রেনের সময় আধঘণ্টা বাড়ানো হয়। বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে।

চলাচলের সময় বাড়ানো হলে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান কমবে। এখন ছুটির বাদে সপ্তাহের অন্যান্য দিনে ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের পার্থক্য পাঁচ মিনিট। নতুন সূচি কার্যকর হলে পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যে ব্যবধান কমে সাড়ে ৪ মিনিট করা হবে।

এখন কম ব্যস্ত সময়ে (অফপিক আওয়ারে) ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলে। মেট্রোরেল চলাচলের সময়কে পিক ও অফপিক আওয়ারের কয়েকটি স্তরে ভাগ করা হয়। একেবারে সকালের দিকে দীর্ঘ সময় পরপর ট্রেন চলাচল করে। অফিসের সময়ে খানিক পরপর ট্রেন চলে। দুপুরে ও রাতে দুই ট্রেনের সময়ের ব্যবধান বাড়ানো হয়।

একদম সকালের দিকের ট্রেনগুলোয় যাত্রী কিছুটা কম। কিন্তু রাতে শেষ ট্রেনেও যাত্রী ভরা থাকে। তাই রাতে চলাচলের সময় বাড়ানো হলে যাত্রীদের উপকার হবে। যাত্রীসংখ্যা আরও বাড়বে-এমনটাই জানিয়েছেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা।

উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ছয়টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ে চালালে এবং ট্রিপের সংখ্যা বাড়ালে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক ব্যবহার করা হবে।


ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, সাড়ে তিন মিনিট পরপর একটি ট্রেন চালানোর সক্ষমতা আছে। এছাড়া সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে বলে প্রকল্প নেওয়ার সময় প্রক্ষেপণ করা হয়েছিল। কিন্তু লোকবলের অভাবে পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে।

রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে জানিয়ে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয় ঢাকায়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে।  ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝