রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোটেলে চুরির অভিযোগে ইন্দোনেশিয়ায় আটক ৪ ভারতীয় পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৮৮)
X

ইন্দোনেশিয়ার বালিতে একটি বিলাসবহুল রিসোর্টে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চার ভারতীয় পর্যটক। রিসোর্টের কর্মীরা তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে হোটেলের আসবাব ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন। 

তবে স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি আইনি জটিলতায় না গড়িয়ে সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ভারতীয় পর্যটকদের আচার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

জানা যায়, ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল সকালে। বালির গিয়ানয়ার এলাকার আসভারা রিসোর্ট উবুদ থেকে চেক আউট করার সময় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় রিসোর্টের কর্মীরা হোটেলের অভ্যর্থনা কেন্দ্রের পাশে পর্যটকদের স্যুটকেস খুলে তল্লাশি করছেন। এ সময়  তাদের ব্যাগ থেকে হোটেলের মালামাল বের করে মাটিতে সাজিয়ে রাখা হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। 

বালি টাইমস পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, এই চারজন ভারতীয় পর্যটক গত ১৬ এপ্রিল রিসোর্টটিতে দুটি রুম বুক করেছিলেন। চেক আউট করার সময় হোটেল কর্মীরা খেয়াল করেন কক্ষের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস খুজে পাওয়া যাচ্ছে না। তখন  কর্মীদের ওই  চার পর্যটকদের ওপর সন্দেহ হয়। ফলে তারা তাদের ব্যাগ তল্লাশি করার সিদ্ধান্ত নেন।

তাদের ধারণা যে সত্য ছিল সেটির দ্রতুই প্রমাণ পাওয়া যায়। কেননা তল্লাশির সময় ওই পর্যটকদের ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় হোটেল রুম থেকে হারিয়ে যাওয়া গোসলের তোয়ালে, পুলের তোয়ালে, বাথরোব, হেয়ার ড্রায়ার, ডোরম্যাট, খাবারের সরঞ্জাম এবং এমনকি টেলিভিশন রিমোটের বক্সও। বিলাসবহুল হোটেলের মালামাল এভাবে সুটকেসে ভরে নিয়ে যাওয়ার দৃশ্যটি হোটেল কর্মীদের বিস্মিত ও হতবাক করে দেয়। 

রিসোর্ট ম্যানেজমেন্ট বিষয়টি জানার পর তৎক্ষণাৎ চেক আউট প্রক্রিয়া স্থগিত করে দেয়। স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি সকাল দশটা নাগাদ ঘটে। পুলিশ মুখপাত্র ইপটু আই গুস্তি এনগুরাহ সুয়ারদিতা জানা্‌ পরিস্থিতি বেশিদূর গড়াতে দেয়নি রিসোর্ট কর্তৃপক্ষ। পর্যটকরা তাদের ভুল বুঝতে পেরে সব মালামাল ফেরত দিয়ে দেন। উভয় পক্ষই আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সম্মত হয়। এর ফলে চারজন পর্যটককে আর পুলিশি ঝামেলায় পড়তে হয়নি এবং তারা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।


এই ঘটনার ভিডিওটি অনলাইনে আসার পর থেকেই ভারতীয় পর্যটকদের দায়বদ্ধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। নেটিজেনরা সোচ্চার হয়েছেন বিদেশে ভারতীয়দের এমন আচরণ নিয়ে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, যারা বিদেশে ভ্রমণ করার মতো অর্থ খরচ করতে পারেন তারা কি নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন না। এটি চরম লজ্জাজনক বিষয়। 

অন্য একজন লিখেছেন, বিদেশের মাটিতে ভারতীয়দের নিয়ে এমনিতেই নানা নেতিবাচক ধারণা রয়েছে। এই ধরনের ঘটনার ফলে যারা কাজের প্রয়োজনে নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

অনেকেই আক্ষেপ করে বলেছেন দেশের বাইরে আমরা যখন যাই তখন আমরা ভারতের দূত হিসেবে থাকি। আমাদের প্রতিটি কাজ দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। তাই পর্যটন কেন্দ্রে দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন। 

আরেকজন লিখেছেন, বালির পর্যটন শিল্প অনেকাংশেই ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। আর সেই ভারতের নাগরিকরাই যদি এমন কাজ করেন তবে তা হাতে কামড় দেওয়ার মতো। বিদেশে বিমানবন্দর বা জনসমাগমস্থলে অনেক সময় ভারতীয়দের নিয়ম না মানার প্রবণতা নিয়ে অতীতেও নানা সমালোচনা হয়েছে। এই ঘটনা সেই সমালোচনাকে আরও উসকে দিল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝