ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ফ্রিজার ভ্যান দিয়েছেন প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক পিতার অসহায়ত্বের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আজ বুধবার (২২ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মানবিক বিবেচনায় তাৎক্ষণিক ওই হাসপাতালের জন্য একটি ফ্রিজার ভ্যান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।
নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ইতোমধ্যে উক্ত হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যাতে প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা প্রদান করা যায়।
এছাড়াও, প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালটির কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটির কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সর্বদা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম




















