নিজ অস্ত্রের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের
খুলনা প্রতিনিধি

দায়িত্বরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু বলতে পারেনি।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস শনিবার ভোরে রেলওয়ে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
হঠাৎ বিমর্ষ হয়ে চেয়ারে বসে নিজের ইস্যুকৃত রাইফেলের নল কপালে ঠেকিয়ে গুলি চালান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ইউনিট তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করছে।
নিহতের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য জানা গেছে। তিনি বলছেন, ‘কী কারণে এবং কেন সে এভাবে নিজেকে শেষ করে দিল কিছুই তো বলে গেল না।’
এ বিষয়ে খুলনা সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যু ও মূল ঘটনা বের করতে তদন্ত চলমান রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না।’
তবে পুলিশের একটি সূত্রের দাবি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
আ.দৈ/আরএস





















