ভোজ্য তেলের কৃত্রিম সংকটকারীদের ধরতে মাঠে নেমেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে র্যাব। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে র্যাব ফোর্সেস মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
র্যাব জানায়, গতকাল ৭ এপ্রিল র্যাব-৮ এর তত্ত্বাবধানে পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ১১০০০ টাকা জরিমানা করা হয়েছে। একইদিন চট্টগ্রামের মেট্রোপলিটনের এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিএসটিআই অনুমোদন না থাকা, খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন কোম্পানির লেভেল লাগানো এবং মান নিয়ন্ত্রণের কোন সার্টিফিকেট না থাকার অপরাধে মোট ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র্যাব| এছাড়াও নাসিরাবাদ এলাকায় মাবিয়া স্টোরের গোডাউনে কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে ৯৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় খাজা স্টোরের গোডাউনে ১২০০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের অপরাধে মোট ৬০,০০০ টাকা জরিমানা করেছে র্যাব।
আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এবং টঙ্গী কাঁচা বাজার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাবের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করা করেছ। পাশাপাশি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা এবং সর্বমোট ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
আ. দৈ./কাশেম




















