শতাধিক আবাসন প্রতিষ্ঠানের নিয়ম বহিভূত ভবন ও দোকান, শিগগিরই উচ্ছেদে রাজউক
নিজস্ব প্রতিবেদক :

রিহ্যাবসহ শতাধিক আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নকশা বহির্ভুত নির্মাণ, বিল্ডিং কোড না মানা এবং বেইজমেন্টে যারা দোকান তৈরির ও অভিযোগ এনেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সম্প্রতিক সময়ে রাজউকের উন্নয়ন ও পরিকল্পনার তদন্ত কমিটি এ তালিকা প্রস্তুত করেছে।
পাশাপাশি ক্রেতাদের চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট না দেয়া এবং ফ্ল্যাটের গুণগত মান রক্ষা না করারও অভিযোগ রয়েছে ফ্ল্যাট ক্রেতাদের। এসব অভিযোগের কোনো সুরাহা করতে পারেনি রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রাজউকের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, নগরীতে বাড়ি করতে হলে সবকিছু মেনেই করতে হবে। রাজউকের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে। নিয়ম বহিভূত কোন ভবনই রক্ষা পাবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অবৈধ ভবন এবং আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ক্রেতাদের অভিযোগ ও রাজউকের অনুসন্ধান থেকে জানা যায়, নির্মানাধীন যেসব ভবনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে তাদের ইতোমধ্যে তিন কিস্তির চিঠি দেয়া হয়েছে। ভবনের বেইজমেন্টে যারা দোকান নির্মান করেছে এ মাসেই সেগুলো উচ্ছেদ করা হবে।
অনিয়ম ও জালিয়াতির অভিযোগে এরই মধ্যে একাধিকজন গ্রেফতার হয়েছে। এছাড়াও নিয়ম বহির্ভূত ভবন তৈরি, অবৈধ জমি দখলসহ একাধিক অভিযোগে আবাসন প্রতিষ্ঠানের মলিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজউকের উন্নয়ন বিভাগ জানায়, রিহ্যাবভুক্ত প্রতিষ্ঠানগুলোর নির্মিত বহুতল ভবনের জমির বৈধতা, প্রতারনা, অনুমোদিত নকশা এবং বিল্ডিং কোড অমান্যের অভিযোগ ইতোমধ্যে প্রমানিত হয়েছে। রিহ্যাব নেতৃত্বের দূর্বলতার কারণে এগুলো হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছে।
এ ব্যাপারে রিহ্যাবের সভাপতি ওহিদুজ্জামান জানান, শুধু রিহ্যাবভূক্ত নয়, অনেকেই নিয়ম বহির্ভুতভাবে নগরীতে বাড়ি তৈরি করছে। শুধু এককভাবে রিহ্যাবভূক্ত প্রতিষ্ঠানগুলোকে দোষ দিলে হবে না। সব কিছুর পরেও মনে রাখতে হবে, আবাসন খাত ক্ষতিগ্রস্থ হলে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হবে।
আ. দৈ./কাশেম/ সুজিৎ




















