রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদ উপলক্ষে শ্রমিকদের মজুরি সময়মতো প্রদানের আশ্বাস: বাণিজ্যমন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৭৫)
X

ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

ব্যক্তি খাতে কর না বাড়িয়ে জিডিপির ওপর জোর দেওয়া হবে উল্লেখ করে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম।

আশপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয়, তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন।
ব্যক্তি খাতে কর বাড়বে না। 

মতবিনিময় সভায় প্রবাসী, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অংশ নেন। 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম দুয়েকদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল।

এখন আবার আগের অবস্থায় চলে এসেছে। তিনি বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।


বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করতে কাজ করছে সরকার:
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে।

এছাড়া স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী। 

জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা পাহারা দিয়ে শেষ করবো: 
নদী খননে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির বিষয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত দিনে দুর্নীতি করে অনেক টাকা পাচার হয়ে গেছে। আমরা এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে। জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা পাহারা দিয়ে শেষ করবো। 

তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। এ কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। 

দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে। 
তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। যে কারণে বর্ষায় এখানে বন্যা হয়ে যায়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবিলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। 

নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এছাড়া যৌথ নদী কমিশনেও আলোচনা হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে। সভা শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝