নির্বাচনে বিজয়কে গণতন্ত্রের সাফল্য আখ্যায়িত করল বিএনপি
নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের এই বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল।
দলটির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। এটি গণমানুষের দল, তৃণমূলের দল।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন; যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।
আরও পড়ুন
ভবিষ্যৎ সরকার গঠন ও নেতৃত্বের বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তাতে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’
আগামী সরকার রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় অনেক গুম, খুন, হামলা-মামলা, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই অভ্যুত্থানের অনেক শহীদের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হবে। আমাদের নেতা শহীদদের মায়েদের প্রত্যাশা পূরণ করবেন।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমস্যার সমাধান করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখবে– এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।’
আ.দৈ/আরএস





















