র্যাকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ২ কমিশনার ৮ ডিজি
২০০৮ সালের নির্বাচনে হলফনামায় শেখ হাসিনা সম্পদের তথ্য গোপন করেছে: ড. আবদুল মোমেন
আবুল কাশেম:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় সম্পদের বিবরণীর সাথে বাস্তবে পাওয়া সম্পদের বড় ধরনের ব্যবধান ছিল। ওই সময় দুদক ও নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।’ কিন্তু শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হয়নি এবং নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক বিটের সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম। র্যাকের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চেয়ারম্যান, দুই কমিশনার ও সচিব কেক কাটেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (লিগ্যাল) শাহানাজ সুলতানা, মহাপরিচালক(মানিলন্ডারিং) মোঃ মোকাম্মেল হক, মহাপরিচালক (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান, মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, মহাপরিচালক (বিশেষ তদন্ত)মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত -১ মুহাম্মদ রেজাউল কবীর, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত -২) মোঃ মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আবদুল্লাহ-আল-জাহিদ।
এছাড়া র্যাকের নির্বাহী কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন আরিফ, বর্তমান কমিটির সহসভাপতি রফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম,আব্দুল্লাহ আল মামুন,মতলু মল্লিক এবং সাইফ বাবলু এবং সংগঠনের সদস্যরা।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই কমিশনের প্রত্যাশা। দুর্নীতি দেশের একটি বড় সংকট উল্লেখ করে তিনি বলেন, এই সংকট নিরসনে সবাইকে সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতের শাসকেরা যেন ন্যায়নিষ্ঠ ও সৎ হন,এটাই দুদকের প্রত্যাশা।
তিনি আরো বলেন, অল্প সময়ে প্রার্থীদের হলফনামা গভীরভাবে অনুসন্ধান করা কঠিন। তবে ‘হলফনামা যাচাইয়ের জন্য যে সময়টা আমাদের হাতে থাকে, সেই সময়ের মধ্যে অত সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব হয় না। ফলে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দুদক চেয়ারম্যান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কোনো প্রার্থীর হলফনামায় প্রদর্শিত সম্পদ নিয়ে সন্দেহ থাকে, অনুসন্ধান করে দুদককে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন। কারণ সাংবাদিকরাও নিজস্ব উদোগে অনুসন্ধান করে থাকেন। সাংবাদিকের অনুসন্ধান দুদকের কাজকে সহায়তা করবে।’
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা চাই না, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকরা বা অবৈধভাবে বিত্তবৈভবের মালিকরা ভবিষ্যতে রাষ্ট্রের শাসক হোক।’
আ.দৈ./ কাশেম




















