শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের দাবি নাহিদের
নিজেস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে প্রতিবেশী দেশে আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এমন দাবি জানান তিনি। একই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে অভিনন্দন জানান তিনি।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক। সবকিছুর বিচারের রায় আজ আমরা পেয়েছি। মানবতাবিরোধী রায়ে হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানাচ্ছে এনসিপি। তবে এ রায়েই আমরা সন্তুষ্ট নই, কার্যকর হলে সন্তুষ্ট হব। সেদিনই জুলাই আহত ও শহিদ পরিবাররা শান্তি পাবে।
অবিলম্বে রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। পৃথিবীব্যাপী এই রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুন
নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক এই রায়ের পেছনে সব রাজনৈতিক দল ছাড়াও আহত ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে বিচারের মধ্যদিয়েই আওয়ামী লীগের বিচারিক ফয়সালা দেশের মাটিতেই দেখতে পাবো, ইনশাআল্লাহ।
ভবিষ্যতে বিচারকাজে যেন বাধা না আসে সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়েও যাতে ট্রাইব্যুনালের কার্যক্রমে কোনো বাধা না আসে। কোনো ধরনের বাধা-বিপত্তি যাতে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আ.দৈ/আরএস





















